কারাভোগ শেষে ফিরেছেন ৪৮ নারী
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ শেষে ৪৮ নারী দেশে ফিরেছেন।
সোমবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।
ওই সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংগঠন ‘রাইটস’ যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরে আসা নারীদের মধ্যে রয়েছেন যশোর, নড়াইল, সাতক্ষীরা, গাজীপুর, ঢাকা, রংপুর, রাজবাড়ি, পিরোজপুর, বাগেরহাট, সিলেট, কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নাগরিক।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি পরিদর্শক আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদেরকে ভারতে পাচার করে।
ভারতের গিয়ে কাজের সন্ধানে মুম্বাই শহরে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন।
এরপর আদালতে হাজির করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।
সাজাভোগ শেষে মুম্বাই ভিত্তিক বেসরকারি সংস্থা ‘রেসকিউ ফাউন্ডেশন’ ওই নারীদের নিজেদের হেফাজতে নেয়। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যোগাযোগের মাধ্যমে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফেরেন বলে জানিয়েছেন আখতার হোসেন।
রাতে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ইমিগ্রেশন ওসি জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ৪৮ নারীকে রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই সংগঠন তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেবে।
