পাহাড় কেটে মেয়রের বাড়ি: জরিমানা ৫ লাখ টাকা
মেয়র মনজুর আলমের জন্য পাঁচ কোটি ২০ লাখ টাকায় যে বাড়ি নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তাতে খরচ আরও পাঁচ লাখ টাকা বাড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বন্দর নগরীর টাইগার পাস এলাকায় ওই বাড়ি তৈরির জন্য পাহাড় কাটায় নগর কর্তৃপক্ষকে এই অর্থ জরিমানা হিসেবে গুণতে হচ্ছে।
সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকায় সিসিসির প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা করেন বলে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে অধিদপ্তরের পক্ষ থেকে সিটি করপোরেশনকে নোটিস দেওয়া হয়েছিল।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে নগরীর টাইগারপাস পাহাড়ের চূড়ায় মেয়রের বাংলো নির্মাণের জন্য পাইলিং করে কংক্রিটের পিলার নির্মাণের দায়ে এ জরিমানা করা হয়েছে।”
রেলওয়ের মালিকানাধীন ওই পাহাড়টি সিটি কর্পোরেশন নিলামে কিনে মেয়রের বাংলোর জন্য আড়াই তলা ভবন নির্মাণে গত বছর ৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করে।
তখন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ ওই বাংলো নির্মাণে স্থিতাবস্থা চেয়ে গত ডিসেম্বরে আদালতে রিট আবেদন করে।
সেই আবেদনে হাই কোর্ট এক সপ্তাহের জন্য নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা রাখার নির্দেশ দেয়।
গত ৪ জুন আপিল বিভাগ ‘বাংলো নির্মাণ করতে হলে পরিবেশ অধিদপ্তরসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে’ বলে নির্দেশনা দিয়ে রিট আবেদনটি খারিজ করে দেয়।
এরপর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করে সিসিসি। কিন্তু অনুমতি পাওয়ার আগেই আবার বাংলোর কাজ শুরু করে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাজ শুরুর বিষয়টি নজরে আসার পর সবশেষ গত ৪ ডিসেম্বর আবার আদালতে রিট আবেদন করা হয়।
এরপর গত বুধবার সিসিসি মেয়রের জন্য বাংলো নির্মাণের ওপর আদালতের স্থিতাবস্থার আদেশ বাংলোটিতে পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন।
