দুর্ঘটনায় বিড়ি শ্রমিক আহত, যশোরে সড়ক অবরোধ
যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক বিড়ি শ্রমিক আহত হয়েছেন।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আকিজ বিড়ি কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা।
আহত শ্রমিক শাহাদত হোসেন (২৫) ঝিকরগাছার নাভারণে আকিজ বিড়ি কারখানায় কাজ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নাভারন পুরাতন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হন শাহাদত।
এরপর বিড়ি কারখানার শ্রমিকরা যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে নেমে এলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান ওসি।
