২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাফফার চৌধুরীকে সম্মাননা

সম্মাননা নিতে এসে সাংবাদিকতার বাণিজ্যিক রূপ নিয়ে আক্ষেপ প্রকাশ করে নিজের সময়ের ‘আদর্শভিত্তিক’ সাংবাদিকতাকে স্মরণ করলেন একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা ও কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 01:40 AM

Updated : 13 Oct 2022, 12:55 PM

রোববার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘সোহেল সামাদ স্মৃতি পুরস্কার’ নিতে এসে তিনি বলেন, “আমি, কামাল লোহানী ও হাবিবুর রহমান মিলন যে ধরণের সাংবাদিকতা করেছি তা এখন নেই। আমাদের সময়ে আদর্শভিত্তিক সাংবাদিকতা ছিল, আর এখন সাংবাদিকতা বাণিজ্যিক।

“বাণিজ্যিক সাংবাদিকতা, আমাদের সময়কার সাংবাদিকতা থেকে প্রযুক্তিগতভাবে এগিয়ে। এখন অনেক সাংবাদিক পয়সাকে বড় করে দেখেন। যদিও সবাই নয়। আমাদের সময় সাংবাদিকরা হেঁটে বা বাইসাইকেল দিয়ে কেউ কেউ রিকশা দিয়ে প্রেসক্লাব যেতো। একমাত্র এবিএম মুসার গাড়ি ছিল। কিন্তু এখন সবার গাড়ি আছে।”

দীর্ঘদিন প্রবাসে থাকা এই কলামনিস্ট বলেন, “এখন বৈশ্বিক উন্নতি হয়েছে কিন্তু নৈতিক অবনতি হয়েছে। মানবিক মূল্যবোধের অবনতি হয়েছে। কিছু কিছু পেশা আছে যেমন ডাক্তারি, সাংবাদিকতা ও আইন পেশা এখানে অর্থকে বড় করে দেখা যায় না।”

তিনি বলেন, “এখানে গোলাম সারওয়ার, হাবিবুর রহমান মিলন ও ইকবাল সোবহান চৌধুরী আছেন। তাদেরকে সাংবাদিকতা পেশাকে ৫০’র দশকে নিয়ে যেতে বলবো না, তবে সেই দশকের মূল্যবোধে নিয়ে যেতে বলবো।”

এই সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, “পোষা বাঘ যেমন বাঘ নয়, পোষা শিল্পী যেমন শিল্পী নয়, পোষা সাংবাদিকও তেমনি সাংবাদিক নন। আবদুল গাফফার চৌধুরী পোষা সাংবাদিক নন। তার জন্য অনেকে স্বস্তিতে, আবার অনেকে অস্বস্তিতে ভোগেন।”

“যাদের হৃদয়ের গভীরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানবপ্রেম আছে তারা স্বস্তিতে থাকেন তার লেখনিতে।  আর যাদের হৃদয়ে তা নেই তারা অস্বস্তিতে থাকেন। উনি (গাফফার চৌধুরী) পোষা সাংবাদিক নন। আমি জানাই আমার সালাম ও শ্রদ্ধা।”

অনুষ্ঠানের সোহেল সামাদের বড় ভাই ডা. বেলাল সামাদ গাফফার চৌধুরীকে চেক হস্তান্তর করেন। এছাড়া বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, হাবিবুর রহমান মিলন ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বক্তব্য দেন।