ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি
এশিয়া এনার্জির কর্মকর্তা গ্যারি লাইকে গ্রেপ্তার ও ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা।
কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেখানে ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীবাসী সোচ্চার, সেখানে ফুলবাড়ীর মাটিতে এসে এশিয়া এনার্জির প্রধান গ্যারি লাই খনি বাস্তবায়নে ষড়যন্ত্র করছে।
আগামী ২৭ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ছয় দফার মধ্যে রয়েছে, এশিয়া এনার্জির কর্মকর্তা গ্যারী লাইকে গ্রেপ্তার ও ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ফুলবাড়ী চুক্তির বাস্তবায়ন ও ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি।
ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক মানিক সরকার জানান, গত ৮ ডিসেম্বর এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেনের আদালতে একটি মামলা করেন।
আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে ফুলবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম জানান, মামলায় এশিয়া এনার্জির অফিস ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব জয়প্রকাশ গুপ্তসহ অজ্ঞাত পরিচয় আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।
আদালতের আদেশ পেয়ে রোববার মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি রেজাউল।
গত ২৬ নভেম্বর এশিয়া এনার্জির প্রধান গ্যারি লাই ফুলবাড়ীতে আসার খবরে বিক্ষুদ্ধ লোকজন এশিয়া এনার্জির ফুলবাড়ী কার্যালয়ে হামলা করে এবং এশিয়া এনার্জির গাড়ি ভাংচুর করে।
