২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ব্যাংকের ৬০ লাখ টাকা চুরি, আটক ৪

জনতা বাংকের গাজীপুর কর্পোরেট শাখা থেকে ৬০ লাখ টাকা চুরি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ওই শাখার তিন নিরাপত্তা প্রহরী নূরুল ইসলাম (৫০), মো. মহিউদ্দিন, মো. মজিবুর রহমান এবং ব্যাংকটির ভবন ‘তানভীর প্লাজা’র ম্যানেজার নিতাই চন্দ্র সাহাকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম জানান, জয়দেবপুর বাজারের তানভীর প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের ওই শাখাটি অবস্থিত। এর পাশে জাকির নামের এক ব্যক্তির কাপাড়ের দোকান রয়েছে।

শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে আসে এবং টয়লেটে যাবার কথা বলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী নূরুল ইসলামকে দিয়ে প্রধান ফটক খুলিয়ে ব্যাংকে প্রবেশ করে।

সেখান থেকে ফিরে এসে তাকে ফলমূল ও পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নূরুল ইসলামকে খাইয়ে অচেতন করে এবং লকার থেকে টাকা নিয়ে ব্যাংকের পেছনের জানালার গ্রিল খুলে পালিয়ে যায়।

এসআই হাসেম বলেন, রোববার সকাল ৮টার দিকে ডিউটিতে এসে ব্যাংকের অপর নিরাপত্তাকর্মী মো. মুজিবুর রহমান ব্যাংকের প্রধান ফটকে ভেতর থেকে তালা আটকানো দেখতে পান। তিনি নুরুল ইসলামকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘটনাটি ব্যাংকের কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোলাইমানসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে ফটকের তালা খুলে ভেতরে সোফায় অর্ধচেতন অবস্থায় নুরুল ইসলামকে শুয়ে থাকতে দেখেন।

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে কিছু শীতল পানীয়সহ বোতল, আঙুর, কমলা ও ডালিমসহ ইয়াবা বড়ির আলামত সংগ্রহ করা হয়।

এসআই হাসেম বলেন, তবে যে লকার থেকে টাকা লুট হয়েছে তা ভাঙা হয়নি। কীভাবে ওই লকার খোলা হয়েছে তা তদন্তের আগে বলা যাবে না।

রোববার সন্ধ্যা পর্যন্ত লুন্ঠিত টাকা উদ্ধার কিংবা জাকিরের সন্ধান পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী ও তানভীর প্লাজার ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানান হাসেম।

ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোলাইমান জানান, ৬০ লাখ টাকা চুরি হয়েছে, তবে লকার অক্ষত ছিল।

ব্যাংক কর্মকর্তার কাছে চাবি থাকার কথা, তাই চাবি ছাড়া কীভাবে ওই লকার খোলা হয়েছে বিষয়টি জানতে চাইলে ওই ব্যাংক কর্মকর্তা পরে জানানো হবে বলে জানান।