২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তালা ভেঙে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইনের একটি টিনশেড বাসার তালা ভেঙে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার লাশ উদ্ধার হওয়া ওই গৃহবধূর নাম শোভা বেগম (২৫)। তিনি স্বামী সবুজ মিয়ার সঙ্গে পূর্ব জুরাইনের নুর হোসেনের মালিকানাধীন টিনশেড বাসায় ভাড়া থাকতেন।  

কদমতলীর থানার এসআই মোতালেব হোসেন বলেন, “সকালে পূর্ব জুরাইনের নুর হোসেনের টিনশেড বাসার তালা ভেঙে শোভার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী সবুজ পাশের বাসার ভাড়াটিয়া রিনা বেগমকে শুক্রবার রাতে শোভাকে হত্যার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে বাড়ির মালিক নুর হোসেন পুলিশকে খবর পাঠান।”

বাড়ির মালিক নুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেম্বর মাসের শুরু থেকে সবুজ ও শোভা তার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের মধ্যে কোন ঝগড়া হতে দেখেনি।

“মাঝে মাঝে রিকশাচালক সবুজ রান্না করে স্ত্রীকে খাওয়াতেও দেখা যায়। কিন্তু কী থেকে কি যে হলো বুঝতে পারছি না।”

তিনি জানান, গত তিনদিন ধরে টিনশেড ওই বাসাটির বাহির থেকে তালা মারা ছিল। তারা ভেবেছিল শোভা ও সবুজ তাদের গ্রামের বাড়ি খুলনায় গেছেন। কিন্তু শুক্রবার রাতে সবুজ ফোনে পাশের বাসার ভাড়াটিয়া রিনা বেগমকে জানালে বিষয়টি জানাজানি হয়।

এসআই মোতালেব বলেন, “নিহতের গলায় কালো দাগ রয়েছে। শ্বাসরোধে হত্যার পর ওই কক্ষের বিছানায় চাদর দিয়ে শোভার লাশ ঢাকা ছিল।”

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।