চট্টগ্রামে দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা
চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসে শুরু হয়েছে দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম।
শনিবার সকালে নগরীর চট্টেশ্বরী সড়কে সদর সার্কেল কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এসময় চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসের ওয়েবসাইট উদ্বোধন এবং ওই কার্যালয়ে স্থাপিত ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্রেরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাবেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা পুরো ডিজিটাল করার পরিকল্পনা আছে। এটা সময় উপযোগী উদ্যোগ।
“দেশের ৭৫ থেকে ৮০ শতাংশ মামলা ভূমি সংক্রান্ত। এর জন্য দীর্ঘদিনের অব্যবস্থাপনা দায়ী। বিগত সরকারগুলো ভূমি ব্যবস্থাপনাকে তেমন গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি।
“একসময় ভূমি মন্ত্রণালয় ছিল ডাম্পিং স্টেশন। অর্থনৈতিক কারণেই এখন ভূমি গুরুত্বপূর্ণ। এডিবির সহায়তায় ভারতীয় একটি বেসরকারি সংস্থা ৪৫টি জেলায় ডিজিটালাইজেশনের কাজ করবে।”
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এসি ল্যান্ড অফিস (সহকারী কমিশনার, ভূমি) সংস্কার ও নতুন ভবন নির্মাণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “অনেক দায়িত্ববান এসি ল্যান্ড আছেন। আপনারা তহসিলদারদের নিয়ন্ত্রণ করুন। তহসিলদাররা যেন আপনাদের ডিকটেইট করতে না পারে। তহসিলদারদের নিয়ে চিন্তায় আছি।”
‘বাংলাদেশ এখন আগের অবস্থায় নেই’ মন্তব্য করে জাবেদ বলেন, “আগে বিশ্বব্যাংক-এডিবির প্রেসকিপশন শুনতে হত। এখন বড় সাহেবদের সেই দিন নেই। আমাদের পরনির্ভরশীলতা কমে গেছে।”
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান বলেন, “আমাদের ভূমি সংক্রান্ত আইন অত্যন্ত জটিল, অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। আইন পরিবর্তন না হলেও বিধিতে পরিবর্তন আনতে হবে।”
তিনি বলেন, দীর্ঘসূত্রতা দূর করা, মধ্যস্বত্বভোগকারীর দৌরাত্ম্য বন্ধ, ব্যয় সংকোচন এবং অফিস ও ভূমি মালিকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এ ব্যবস্থা।
“এতে জমির মালিক নামজারির প্রতিটি পর্যায়ে মোবাইলে এসএমএস পাবেন এবং অনলাইনে জানতে পারবেন।
“সরকারি অনুমোদন পেলে নামজারির আবেদন ফরম অনলাইনে পূরণ, মোবাইলের মাধ্যমে ফি জমা এবং নকলের আবেদনও অনলাইনে করতে পারবেন।”
সামিউল মাসুদ বলেন, ওয়েবসাইটে দাগ সূচি, খতিয়ান, মৌজা ম্যাপের ডিজিটাল অনুলিপি রাখা আছে, যা প্রিন্ট নেওয়া যাবে। পাশাপাশি জমির পরিমাণ ও ভূমি কর সম্পর্কেও এখানে জানা যাবে।
এসব তথ্য জানা যাবে www.acland-sadarctg.gov.bd এই ঠিকানায়।
এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের তিনটি ভূমি অফিস লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) আওতায় এবং ৪৩ হাজার নথির সর্বশেষ অবস্থা জানারও ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের ভূমি উপ-সংস্কার কমিশনার মোকসেদুর রহমান ও চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বক্তব্য রাখেন।
