২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 12:30 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শুক্রবার দুপুর ২টার দিকে এসও এলাকার ওই দুর্ঘটনায় নৌকার যাত্রী নিখোঁজ কিশোর শাকিলের লাশ দুই ঘণ্টা অনুসন্ধানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নদী থেকে উদ্ধার করে।

শাকিল মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের অফিস সহকারী আবদুল আলীমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, বন্দর উপজেলার লক্ষণখোলা ঘাট থেকে শাকিলসহ তিনজন নৌকায় এসও ঘাটে যাওয়ার সময় শীতলক্ষ্যা নদীতে ‘নিরালয় প্লাস’ নামের একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

এ সময় মাঝি ও অন্য দুই যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও শাকিল ডুবে যায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শাকিলের লাশ উদ্ধার করে জানিয়ে এসআই নজরুল বলেন, “বালুবাহী ওই ট্রলারটিকে আটক করা হয়েছে।”