২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক বিশৃঙ্খলার শিল্পরূপ

প্রতিদিনের চেনা গলিতে খবরের কাগজে তৈরি ছোট নৌকা উল্টো হয়ে ঝুলে আছে বাঁশ ও জালের তৈরি কাঠামোতে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 10:30 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

এর নিচ দিয়েই হেঁটে যাচ্ছিলেন সমবেতরা। আবার কেউ কেউ প্রতিদিনের অভ্যাসমত এই শিল্পকর্মের নিচে দাঁড়িয়েই আড্ডায় মশগুল।

শুক্রবার বিকাল আর রাতে চেনা চেরাগী পাহাড় মোড়ে প্রতিদিনের মতোই ছিল ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা, রিকশা আর ছোট যানবাহনের চলাচল, দাঁড় করিয়ে রাখা গাড়ি-মোটরসাইকেল-রিকশা।

আর এর ফাঁকে ফাঁকে গলির খালি জায়গা, ফুটপাত, একতলা ভবনের ছাদ, বিলবোর্ড, খালি দেয়াল সবখানেই ছিল শিল্পকর্ম প্রদর্শন।

পথচলতি মানুষ কৌতুহল আর বিস্ময় নিয়ে দেখছেন; করছেন নানা মন্তব্য। ভিড়ের মধ্যে গিটার নিয়ে জড়ো হওয়া বন্ধুরা গলা ছেড়ে গাইছেন গান।

গ্যালারির চার দেয়াল ছাড়িয়ে আধুনিক শিল্পকর্মকে সাধারণের কাছে আনতেই ‘চেরাগী আর্ট শো ৩’ প্রদর্শনীর আয়োজন করেছে যোগ আর্ট স্পেস নামের একটি সংগঠন। এটি তাদের তৃতীয় আয়োজন।

দুই দিনব্যাপী এবারের আয়োজনে আছে নয়টি শিল্প স্থাপনা, সাতটি পারফর্মিং আর্ট ও দুইজন শিল্পীর ছবি।

উল্টো নৌকা, বিলবোর্ডে বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী, ফ্রিজের খোলের ভেতর নষ্ট আর চলমান টেলিভিশন এবং টি স্টল- এই চার আয়োজন নিয়ে শিল্পী আদর ইউসুফের ‘সামাজিক গোলযোগ’।

আদর ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সবই যোগাযোগের মাধ্যম। কিন্তু সচেতন বা অবেচতনে আমাদের বন্ধু তালিকায় নেই কোনো হিজড়া বা প্রতিবন্ধী মানুষ। তাই এটা আসলে যোগাযোগ নয় ‘গোলযোগ’।”

বাঁশের কঞ্চি দিয়ে আদর ইউসুফ টি স্টল তৈরি করলেও কাঠামোটির কাজ পুরো শেষ হয়নি। কিছুটা অসম্পূর্ণ ত্রিকোণাকার কাঠামোটি খাঁচা ভেবে নিয়ে দর্শনার্থীরা বন্দিত্বের আবহে ছবি তুলেছেন।

আদর বলেন, “এই যে শিল্প মাধ্যমকে একেকজন একেকভাবে ভেবে নিচ্ছে, এটা এক ধরনের মিথস্ক্রিয়া। গ্যালারি থেকে শিল্পমাধ্যমকে বের করে এনেছি বলেই এ প্রতিক্রিয়া দেখতে পেলাম।”

দর্শকদের প্রতিক্রিয়া দেখতে প্রতিটি শিল্পকর্মের সামনে সাদা টুলের ওপর বসানো লাল প্লাস্টিকের বদনার ভেতর রাখা কাগজ আর পাশে কলম।  

মিশুক এহসান, মাহবুবুল আলম ও আকিলা শাহরিয়াতের যৌথ এ শিল্পের শিরোনাম ‘মেগাফোন’।

শিল্পী মিশুক এহসান বলেন, “গ্যালারিতে শিল্পকর্মের দর্শক এক রকম। তাদের মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন। এখানে সবাই প্রদর্শনী দেখবেন। তারা বদনার মধ্যে রাখা কাগজে মন্তব্য করবেন।”

চেরাগী পাহাড়ের পরিচিত মুখ হামিদ বাউল দোতরা বাজিয়ে গান করেন নিয়মিত। কিন্তু গান গেয়ে অর্থ উপার্জন করা এ শিল্পীকে দেখে নিয়মিত আড্ডাবাজদের অনেকে সরে যান।

শিল্পী জিহান করিম বলেন, “দুটো প্রজেক্টরের মাধ্যমে খালি দেয়ালে চলছে হামিদ ভাইয়ের গান। যারা প্রতিদিন মুখ ফিরিয়ে নেয় তারাই আজ মনোযোগ দিয়ে তার গান শুনছেন।”

এরসঙ্গে আছে ‘জাফর ভাই’ নামের এক ভ্যানচালকের স্থিরচিত্রের প্রদর্শনী। জিহান করিমের শিল্পকর্মটির নাম ‘জিন সুর ঘুর মধু এবং একজন অবাক দর্শক।’

এই চেরাগী পাহাড়ে রাতে বেশ আড্ডা জমলেও অনেক সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর টহলে তাতে ছেদ ঘটে।

শিল্পী সুচয়ন পালের শিল্পকর্মের শিরোনাম ‘?’। পথের ওপর কালো একটি দীর্ঘ ছায়া আর প্লাস্টিকের ওপর চেরাগীর প্রতিদিনের নানা দৃশ্যের ছবি।

সুচয়ন পাল বলেন, “এখানে সব শ্রেণি-পেশার মানুষ আসেন। কিন্তু কেন জানি না এখানে বেজে ওঠে সতর্কতার বাঁশি। আর সরে যেতে হয় সমবেতদের। কেন এমন হয় সেই প্রশ্নই রাখতে চেয়েছি।”

প্রতিদিনের ফেইসবুক-ইন্টারনেট মগ্নতাই আমাদের ‘প্রধান খাদ্য’ হয়ে ওঠা আর একে ঘিরে যে অস্থিরতা তাই ‘স্থাপনায় স্থাপিত চিত্রপটে’ মূর্ত করার চেষ্টা করেছেন শিল্পী তাসলিমা আক্তার।

একতলা ভবনের ছাদে ত্রিমাত্রিক এই কাঠামোয় ফুটে উঠেছে দৈনন্দিনের বিচ্ছিন্নতা।

শিল্পকর্মের মধ্যে আছে প্রতিদিন চেরাগীতে জড়ো হওয়া হকারদের নিয়ে তথ্যচিত্র আর কাগজ কুড়ানো পথশিশুদের জন্য পথে গোলাপ পাঁপড়ি ছড়িয়ে ‘ছোট গল্পে’র শিরোনামে জুবলি দেওয়ানের ভালোবাসা।

প্রদর্শনীতে অংশ নেওয়াদের অধিকাংশই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী।