আট বছর পর হারানো মেয়ের সন্ধান
দীর্ঘদিন খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়েকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কিশেরাগঞ্জের কুলিয়ারচর পৌরসভার তাতারকান্দি মহল্লার সাজেদা বেগম।
বুধবার চাঁদপুর জেলা কারাগারে মেয়ে কুলসুমের সঙ্গে দেখা হওয়ার পর সাজেদা বেগম কান্নায় ভেঙে পড়েন। কুলসুমাও আবেগাপ্লুত হয়ে ওঠেন।
বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ২০০৭ সালের ২৭ অগাস্ট চাঁদপুরের হাইমচর থানা পুলিশ আটক করে আদালতে হাজির করলে নিরাপদ হেফাজতী হিসেবে কুলসুম আক্তার ওরফে বেলীকে জেলা কারাগারে পাঠানো হয়।
তখন মানসিক অবস্থার অবনতি দেখে তাকে পাবনা জেলা কারাগারের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
চিকিৎসা শেষে চাঁদপুর জেলা কারাগারে আবার নিরাপদ হেফাজতী হিসেবে ফিরে এলে ২০১০ সালের ১৪ ডিসেম্বর আদালতের নির্দেশনায় তাকে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ সেফ হোমে পাঠানো হয়।
সেখানে তার আচরণে মানসিক অবস্থার অবনতি দেখে হাটহাজারী মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে কোনো উন্নতি না হলে পুনরায় দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আদালতের নির্দেশনায় আবার চাঁদপুর জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ২০১১ সালের ১৪ মে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়।
উন্নত চিকিৎসা শেষে গত ৪ ডিসেম্বর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে চাঁদপুর জেলা কারাগারে ফেরৎ আসেন। তার কাছে পরিবারের ঠিকানা জানতে চাইলে তিনি তার ঠিকানা হিসেবে কুলিয়ারচর বলে জানান এবং তার বাবার নাম জিনু খাঁ (টুন্ডা) বলে জানান।
এরপর চাঁদপুর জেল সুপার কিশোরগঞ্জ জেলা কারাকর্তৃপক্ষ, স্থানীয় মেয়র ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় বেলীর পরিবারের সন্ধান পাওয়া যায় এবং তার পরিবারের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
বেলীর হারিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তার মা সাজেদা বেগম জানান, ৫ বোন ১ ভাইয়ের মধ্যে বেলী তৃতীয়। ২০০৫ সালে তাকে ১৮ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রামে বিয়ে দেয়া হয়।
বিয়ের প্রায় ৩ মাস পর পাগল হয়ে যান বেলী। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
এখানে প্রায় ৬ মাস অতিবাহিত হওয়ার পর একদিন গভীর রাতে মাকে তাকে বেঁধে রাখা শিকল খুলে বাড়ি থেকে বেরিয়ে যান বেলী।
মেয়ের খোঁজ পাওয়ার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে মা ছুটে আসেন চাঁদপুরে।
