২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল জাতীয় প্রেসক্লাবের নির্বাচন

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাচন হচ্ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও দুই সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতাদের এক যৌথ বৈঠকে নির্বাচন পিছিয়ে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে তা করার সিদ্ধান্ত হয়।

এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই একটি অতিরিক্ত সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।

পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগেই এই অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও এর আগেরদিন দ্বি-বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল।

বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ এবং ক্লাবের মর্যাদা, সুনাম ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থাপনা কমিটিকে সুপারিশমালা প্রণয়নে সহযোগিতা করতে জ্যেষ্ঠ ১০ সাংবাদিককে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে আছেন- রিয়াজ উদ্দিন আহমেদ, গোলাম সারওয়ার, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, খোন্দকার মনিরুল আলম, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এম এ আজিজ ও কুদ্দুস আফ্রাদ।

ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, হাবিবুর রহমান মিলন, গোলাম সারওয়ার, আমানুল্লাহ কবির, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, শফিকুর রহমান, খোন্দকার মনিরুল আলম, রুহুল আমিন গাজী, স্বপন সাহা, এলাহী নেওয়াজ খান সাজু, আবদুস শহিদ, সরদার ফরিদ, বাকের হোসাইন, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, আলতাফ মাহমুদ, আবদুল হাই শিকদার, কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান।