২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: শাহজাহান মোল্লাই তদন্ত কমিটির নেতৃত্বে

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গঠিত সার্বিক তদন্ত কমিটিতে নতুন প্রধান নিয়োগের আদেশ নাকচ করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার এক আদেশে বলেছে, শুরু থেকে সাত সদস্যের এই কমিটির প্রধান হিসাবে কাজ চালিয়ে আসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে বাকি দায়িত্ব শেষ করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

এরপর র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার। শাহজাহান মোল্লা ওই তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পান।

তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়, যাদের মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানও রয়েছেন।

এরই মধ্যে গত ৯ নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলে কমিটির কাজে স্থবিরতা দেখা দেয়।

এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিমকে মঙ্গলবার কমিটির প্রধান হিসাবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারের ওই আদেশের পর তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তাদের কাজ ‘প্রায় শেষ’। যে কোনো সময় আদালতে প্রতিবেদন দেবেন তারা।

তদন্ত শেষের পথে থাকলে এই পর্যায়ে এসে কেন কমিটির নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে সে প্রশ্ন তুলেই আগের প্রধানকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছে আদালত। 

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “যেহেতু শাহজাহান মোল্লা আগাগোড়া তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, গণশুনানিতে অংশ নিয়েছেন। এ কারণে আদালত নির্দেশ প্রদান করেছেন- বাকি কাজটুকুও শাহজাহান মোল্লাকেই সম্পূর্ণ করতে হবে... রিপোর্ট দেওয়া পর্যন্ত।

“উনি যেখানেই যান না কেন, রিপোর্ট দেয়া পর্যন্ত তাকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে।”

নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার ওই ঘটনায় প্রশাসনের কেউ বা আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল কি না- গণতদন্তের মাধ্যমে তা উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে।

অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না- কমিটিকে তাও খতিয়ে দেখতে বলেছে আদালত।

তদন্ত কমিটির সদস্য মিজানুর রহমান খান আদালতের আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কমিটির প্রধান হিসাবে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আদালতের নির্দেশ অনুসারে কমিটি পুনর্গঠন করা হবে।”

চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পুরনো খবর:

সাত খুন: সার্বিক তদন্ত কমিটির নেতৃত্বে পরিবর্তন