২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: সার্বিক তদন্ত কমিটির নেতৃত্বে পরিবর্তন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় হাই কোর্টের নির্দেশে গঠিত সার্বিক তদন্ত কমিটির নেতৃত্বে পরিবর্তন এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 06:25 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

এই কমিটির নতুন প্রধান হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিম।

কমিটির প্রধান হিসাবে দায়িত্ব চালিয়ে আসা শাহজাহান আলী মোল্লার দপ্তর বদল হওয়ায় কমিটিতে এই পরিবর্তন।

তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম মহিউদ্দিন মঙ্গলবার কমিটির প্রধান পরিবর্তনের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমাদের কাজ প্রায় শেষ। আমরা যে কোনো সময় আদালতে প্রতিবেদন দেব। কমিটির নতুন প্রধান দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে কথা বলে আমরা বিষয়টি চূড়ান্ত করব।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র্যারবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

এরপর র্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার।

নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার ওই ঘটনায় প্রশাসনের কেউ বা আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল কি না- গণতদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে বলা হয় কমিটিকে।

অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না- কমিটিকে তাও খতিয়ে দেখতে বলে আদালত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লা ওই তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পান। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়, যাদের মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, র্যা বের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানও রয়েছেন।

এরই মধ্যে গত ৯ নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি আর কমিটিতে সময় দিতে না পারায় তদন্তে স্থবিরতা দেখা দেয়।

এ কারণেই জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমিটির প্রধান পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।