২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় বন্ধ পদ্মা পারাপার

ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় পদ্মা নদীতে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

চলতি শীত মৌসুমে গত কয়েকদিন ধরে পদ্মায় পারাপার ব্যাহত হচ্ছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১০টা থেকে বন্ধ হয়ে যায় নৌচলাচল।

ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়ি নিয়ে ১২টি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। এছাড়া উভয় ঘাটে হাজার খানেক গাড়ির লাইন জমেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিমুলিয়া প্রান্তে কোনো কুয়াশা নেই। তাই এই ঘাট থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত ফেরি ছেড়ে গিয়েছিল।

“ফেরিগুলো মাগুরখণ্ড এলাকায় গিয়ে কুয়াশার কারণে আর এগুতে পারছে না,” বলেন তিনি।

পদ্মা সেতু নির্মাণের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রান্তের মাওয়া ঘাটটি সরিয়ে শিমুলিয়ায় আনা হয়েছে। এখন এখান থেকে লঞ্চ ও ফেরি কাওড়াকান্দি যাচ্ছে।

কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়ছিল। রাত সাড়ে ৯টার সময় কুয়াশা তীব্র হলে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কাওড়াকান্দির সিনিয়র টার্মিনাল সুপার হাবিবুল ইসলাম বলেন, “কয়েক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হবে বলে হাবিবুল জানান।

ফেরিগুলোর মধ্যে কলমীলতা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাকলী, ফরিদপুর, রায়পুরা, করবী, রানীক্ষেত, রানীগঞ্জ, টাপলুসহ ১২টি ফেরি মাঝ নদীতে আটকে আছে। এছাড়া উভয় ঘাটে আরও চারটি ফেরি নোঙর করে আছে।

গত কয়েকদিন ধরে ভোররাতে বা সকালে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও মধ্যরাতের আগে ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকা এই মৌসুমে এটাই প্রথম।

ফেরি বন্ধ থাকায় কাওরাকান্দি ফেরি ঘাট থেকে বন্দরখোলা স্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ট্রাকের লাইন জমেছে।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে শিমুলিয়া-কাওড়াকান্দি পদ্মা পারাপারের পথ।

পুরনো খবর:

ঘন কুয়াশায় ফেরি পারাপারে বিঘ্ন
পদ্মার কুয়াশায় রাতভর ফেরিতে অপেক্ষা