পদ্মার কুয়াশায় রাতভর ফেরিতে অপেক্ষা
ঘন কুয়াশায় রাতভর বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি পারাপার আবার শুরু হয়েছে।
এর মধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের মধ্যে ফেরি চলাচল সোমবার রাত ১১ টা থেকে প্রায় পৌনে ১১ ঘন্টা বন্ধ থাকে। আর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ায় মধ্যে পারাপার বন্ধ থাকে নয় ঘণ্টা।
শীত মওসুম শুরুর পর প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ এ দুই নৌপথে কুয়াশার কারণে পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে ঠাণ্ডার মধ্যে নদীতে আটকে থেকে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে বলে পণ্য পরিবহনও বিলম্বিত হচ্ছে।
বিআইডব্লিউটিসির মাওয়া (শিমুলিয়া) ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, তীব্র কুয়াশার কারণে দৃষ্টিসীমা একেবারেই কমে আসায় দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১১টার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ্ আলী, কলমী লতা, করবী, কাকলী, কেতকী, রায়পুরা, রানীগঞ্জ, রানীক্ষেত, টাপলু, থোবাল ও লেন্টিং কয়েকশ যানবাহনে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে নাইট কোচসহ প্রায় তিনশ যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে।
ফাইল ছবি
পারাপার শুরু হলে ঘাটে যানজট কমতে শুরু করে বলে শেখর চন্দ্র জানান।
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া পথে পারাপার বন্ধ হয়ে যায় সোমবার রাত ১২টার দিকে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নদীতে কিছু দৃশ্যমান না হওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
এ সময় ফেরি শাহ মুখদুম, এনায়েতপুরী ও কাবেরী যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকে। শীতের মধ্যে ফেরিতে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে আট শতাধিক যানবাহন সারা রাত আটকে থাকে বলে শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা হালকা হয়ে এলে নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে এবং ১৪টি ফেরি যানবাহন নিয়ে পারাপার শুরু করে।
