চট্টগ্রামে ১৬ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ খেলাপী গ্রাহকদের ১৬টি সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
প্রায় ১৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এসব গ্রাহকদের বিরুদ্ধে ১০টি মামলা করেছে চট্টগ্রাম পিডিবি।
মঙ্গলবার নগরীর মাদারবাড়ি এলাকায় পিডিবির বিচারিক হাকিম মাসুদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর সদরঘাট, স্ট্যান্ড রোড, মাঝিরঘাট, পূর্ব মাদারবাড়ি, সৈকত ভবন, নসু মালুম লেইন, শরীফ মসজিদ, উত্তর নালাপাড়া, কামাল গেইট, পাঠানটুলি, নাজির পুল ও বংশালপাড়ায় অভিযান চলে।
এসময় তিনটি হিসাবের বিপরীতে এক লাখ ৩২ হাজার ৭৬১ টাকা বকেয়া থাকায় সদরঘাট এলাকার মো. ওমর ফারূখ জুয়েলের মালিকানাধীন মেসার্স ইউনাইটেড মেটালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এক লাখ ১৪ হাজার ৯২১ টাকা বকেয়া থাকায় মাঝিরঘাট এলাকার জোনায়েদ ফারুকের, ৬৪ হাজার ৭৯৩ টাকা বকেয়া থাকায় সৈকত ভবণ এলাকার আবুল খায়েরের, ৮৪ হাজার ৮৩৫ টাকার বকেয়া থাকায় পূর্ব মাদারবাড়ির নসু মালুম লেইনের মোজাফ্ফর মিয়ার, ২ লাখ ৫৮ হাজার ৮২৮ টাকা বকেয়া থাকায় সদরঘাট এলাকার মো. নেওয়াজের মালিকানাধীন মেসার্স আলম অ্যান্ড কোম্পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৮৭ হাজার ৫২৭ টাকা বকেয়া থাকায় উত্তর নালাপাড়া এলাকার মো. নুরুল ইসলামের, এক লাখ ৩৬ হাজার ৭৩৮ টাকা বকেয়া থাকায় পূর্ব মাদারবাড়ি এলাকার মো. সেকান্দরের, একলাখ ৮৭ হাজার ৩৫ টাকা বকেয়া থাকায় পূর্ব মাদারবাড়ি এলাকার মো. নোমানের, দুটি হিসাবের বিপরীতে ২ লাখ ৮৯ হাজার ৪২৯ টাকা বকেয়া থাকায় নাজির পোল এলাকার উত্তম বড়ুয়া ও উদয়ন বড়ুয়ার ও ৫৯ হাজার ৩৫১ টাকা বকেয়া থাকায় বংশাল পাড়ার মো. আসলামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
