২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ৫ লাখ টাকা চুরি, স্বামীসহ পিয়ন গ্রেপ্তার

ক্যাশ থেকে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগে মঙ্গলবার রংপুর শহরে মার্কেন্টাইল ব্যাংকের এক নারী কর্মচারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 04:38 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

গ্রেপ্তার এলিনা বেগম ব্যাংকটির রংপুর শাখায় পিয়নের চাকরি করেন। তার স্বামী মারুফ হোসেন বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক বগুড়া’র রংপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত।

ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ থেকে ওই নারীকে শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকাল ১১টার দিকে শহরের গণেশপুর এলাকায় এলিনার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় এলিনার স্টিলের আলমারি থেকে দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়, যেগুলো চুরি করা টাকার অংশ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে ওই দম্পতি।

এলিনার স্বামী মারুফ ওরফে হাজি মারুফ রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামের ছোট ভাই।

ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপকের লিখিত অভিযোগের ভিত্তিতে এলিনাকে গ্রেপ্তার এবং তার শোয়ার ঘর তল্লাশি করে স্টিলের আলমারি থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় এলিনার স্বামী মারুফকেও গ্রেপ্তার করা হয়।”

ওই ব্যাংকের রংপুর শাখার ব্যস্থাপক আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাশের হিসাবে পাঁচ লাখ টাকা কম পড়ায় তার অনুসন্ধান চালানো হয়। পরে ক্যাশ শাখায় থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পিয়ন এলিনা তার বোরখার ভেতর টাকাগুলো লুকিয়ে রাখছেন।

“পরে আমরা বিষয়টি লিখিতভাবে কোতোয়ালি থানায় জানাই।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে চুরি করা বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি মতিন।