২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুহিন মালিকের বিরুদ্ধে আদালতে তিন অভিযোগ

সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে আদালতে সংবিধান নিয়ে কটূক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রাব্বানী মঙ্গলবার  ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ডানপন্থী হিসেবে পরিচিত আইনজীবী তুহিনের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করেন।

ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক দুপুরে তিনটি অভিযোগের শুনানি নিয়ে দুটির আদেশ দিলেও অপরটির বিষয়ে দুপুরের পর আদেশ দেওয়া হবে বলে বাদীর আইনজীবী ব্যারিস্টার নাজমুল হাসান চৌধুরী জানিয়েছেন।

বিচারক দুই অভিযোগ সরাসরি আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন  সাপেক্ষে সেগুলো  এজাহার হিসেবে গণ্য করার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন  বলে এ আইনজীবী জানিয়েছেন।

তিন অভিযোগেই বলা হয়, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর  বক্তব্য দেন ড. তুহিন মালিক।

“তুহিন ওই আলোচনা সভায় বলেন, ‘সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গানা-বাজনা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে। সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতার বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না।

“তুহিন মালিক আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়ত বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!”

তার এই বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে এবং বক্তব্যটি রাষ্ট্রদ্রোহমূলক বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী।

তুহিন মালিককে ‘সংবিধান বিশেষজ্ঞ’ হিসাবে প্রায়ই টিভি টকশোতে অংশ নিতে দেখা যায়।