২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সাজাই, তারা পোড়ায়: রেলমন্ত্রী

গাজীপুরের টঙ্গী থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত কমিউটার (ডেমু) ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, তারা যখন রেলকে সাজাচ্ছেন, বিএনপি-জামায়াত তখন তা ধ্বংস করতে চাইছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 01:49 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

মঙ্গলবার সকালে টঙ্গী জংশনে এই ট্রেনের প্রথম যাত্রায় রেলমন্ত্রী যাত্রীদের উদ্দেশে বলেন, “আপনারা অনেকেই টঙ্গী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।  কিন্তু টঙ্গী থেকে  ঢাকায় ডাইরেক্ট কোনো ট্রেন নাই। আজ টঙ্গী থেকে ঢাকায় ডাইরেক্ট ট্রেন উদ্বোধন করে গেলাম।”

ঢাকা-জয়দেবপুর রুটের ছয়শ যাত্রী বহনে সক্ষম ডেমু ট্রেনটিই সপ্তাহে ছয়দিন টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত দুটি ‘স্পেশাল ট্রিপ’ দেবে।

মাঝে কেবল বিমানবন্দর স্টেশনে বিরতি দিয়ে ৪৫ মিনিটের এই যাত্রায় ভাড়া পড়বে জনপ্রতি ১৫ টাকা।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কষ্টের টাকায় এবং বিদেশ থেকে অর্থ এনে দেশের রেলকে সাজানোর চেষ্টা করছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়ার উসকানিতে জামায়াত-শিবির দেশের সম্পদ রেলকে ধ্বংস করে যাচ্ছে।

“রেল দেশের সম্পদ, জাতির সম্পদ, দেশের মানুষের সম্পদ। এই ট্রেনকে যারা আগুন দিয়ে পোড়াইয়া দেয়, বগিতে আগুন দেয়, ইঞ্জিনে আগুন দেয়, ইস্টিশনে হামলা করে, ইস্টিশন ধ্বংস করে সেই জামায়াত-শিবিরকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় ও লালন পালন-পালন করে যাচ্ছেন। জামায়াত-শিবির দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, জাতির শত্রু।”

জামায়াত-শিবিরকে ধ্বংস করতে হলে আগে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘কোনঠাসা’ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

২০১৩ সালের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলায় রায় আসা শুরু হলে বিচার ঠেকাতে সারা দেশে রেলওয়ে ও যোগাযোগ অবকাঠামো ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যাপক নাশকতা শুরু করে জামায়াত-শিবির। 

ওই সময় বিভিন্ন স্থানে ট্রেন ও স্টেশনে আগুন দেওয়া হয়, লাইন উপড়ে ফেলায় দুর্ঘটনায় পড়ে বহু ট্রেন।

রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন অনুষ্ঠানে বলেন, “টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত আরো দুটি রেললাইন স্থাপন ও টঙ্গী রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন হবে। ইতোমধ্যে রেললাইন স্থাপনের জন্য অর্থ অনুমোদন হয়ে গেছে।”

রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সাংসদ ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন, পূর্ব রেলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি  অ্যাডভোকেট হুমায়ন কবির, টঙ্গী আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী বক্তব্য দেন।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. কামরুল আহসান বিডিনিউজকে জানান,  ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ভোর ৫টা ২৫ মিনিটে ছেড়ে যাবে এই ডেমু ট্রেন। টঙ্গী পৌঁছাবে সকাল ৬টা ১০ মিনিটে।

আবার সকাল ৭টা ৪০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে ৮টা ৩৫ মিনিটে কমলাপুরে পৌঁছাবে।

শুক্রবার টঙ্গী কমিউটার বন্ধ থাকলেও কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত চলাচলকারী ডেমু ট্রেনটির সময়সূচি অপরিবর্তিত থাকবে।