নিখোঁজের ১০ দিন পর চালক ও সহকারীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১০ দিন পর ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ট্রাক চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ফাজিলাঘাট এলাকার রামানন্দপুর গ্রামের একটি মাঠে বালু চাপা দেওয়া অবস্থায় লাশ দুটি পাওয়া যায়।
মৃত ট্রাক চালক জহিরুল ইসলাম (৩৮) কুমিল্লার মুরাদনগরের আবুল কাশেমের ছেলে এবং সহকারী মো. মুক্তার (২৫) চাঁদপুরের মতলব উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, গত ২৯ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে একটি বালু ভর্তি ট্রাকের চালক ও সহকারী নিখোঁজ হন।
এর পাঁচ দিন পর গত ৩ ডিসেম্বর জহিরুলের ভাই আরিফুল ইসলাম দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার দুপুরে রামানন্দপুর গ্রামের একটি মাঠে বালুর নিচে মানুষের হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে এবং তাদের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ও পরিচয়পত্র থেকে পরিচয় সনাক্ত করে।
পুলিশ ধারণা করছে এদের অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে বালু চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
উদ্ধার লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফয়সল।
