২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে প্রভাবমুক্ত রাখতে আইনে সংশোধন চাই: আকবর আলি

রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় স্বাধীনভাবে কাজ করতে দিতে আইন সংশোধনের পক্ষে মতামত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

একইসঙ্গে বিচার বিভাগ পৃথকীকরণের সাত বছরে জনগণের কল্যাণে কী পরিবর্তন সাধিত হয়েছে তা জানাতে প্রতিবেদন প্রকাশেরও দাবি জানান তিনি।

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় সাবেক অর্থ উপদেষ্টা বলেন, “পুলিশ যেন রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে এটির জন্য পুলিশ অ্যাক্ট পরিবর্তন করতে হবে।”

পুলিশের কর্মকাণ্ডের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “পুলিশ যে পরিমাণ মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে তার মধ্যে মাত্র ২৩-২৪ শতাংশ মামলায় অপরাধী সাজা পেয়েছে। ওই প্রতিবেদনে এফআইআরের কথা উল্লেখ নেই।

“এফআইআরসহ ধরলে অপরাধী সাজাপ্রাপ্ত হওয়া মামলার সংখ্যা ১০-১২ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। তার মানে প্রায় ৮০ ভাগ ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে যে কেউ অপরাধ করলে তার সাজা হবে না। এ ধরনের পরিস্থিতি দেশকে দুর্বৃত্তের অভয়ারণ্যে পরিণত করছে।”

সকালে জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগ পৃথকীকরণের সাত বছর উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আকবর আলি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর গত সাত বছরে কোনো পরিবর্তন এসেছে কিনা তা প্রতিবেদন আকারে জনগণের কাছে তুলে ধরতে হবে।

“শুধুমাত্র সেপারেশনের জন্য সেপারেশন নাকি অর্থবহ জীবনের জন্য সেপারেশন চাচ্ছি- এটি আগে নির্ধারণ করতে হবে।”

পুরনো ধ্যান-ধারণা ভেঙ্গে বিচার বিভাগে সৃজনশীল নেতৃত্ব প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, “বিচার বিভাগকে সামগ্রিকভাবে ঢেলে না সাজিয়ে শুধুমাত্র সংবিধান পরিবর্তন করেই পরিবর্তন আসবে- এটি ভুল ধারণা।

“ব্রিটিশ আমলে নিম্ন আদালত জামিন দিতো না, জামিন নিতে হলে উচ্চ আদালতে যেতে হতো। এখন নিম্ন আদালত ও উচ্চ আদালতের মধ্যে কাজের কোনো পার্থক্য নেই।”

বিচার বিভাগ থেকে জনগণ আদতেই উপকৃত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে আকবর আলি বলেন, “কোনো মামলা নিষ্পত্তি হতে যদি ৫০ বা ১০০ বছর সময় লেগে যায় তাহলে এ বিচার ব্যবস্থা থেকে জনগণ কী পাচ্ছে?”

বেসরকারি সংস্থা হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।