আইন শিথিল করে বিজি প্রেসে চলছে ট্রেড ইউনিয়ন
শ্রম আইনের একটি ধারা শিথিল করে সরকারি মুদ্রণালয়ে চলছে ট্রেড ইউনিয়নের কার্যক্রম। এর আগে এই বিজি প্রেস থেকেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল।
সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ না থাকলেও কী কারণে আইনের ধারা শিথিল করে বিজি প্রেসে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়া হয়েছে, তা নিয়ে সুস্পষ্ট কিছু বলতে পারছেন না কেউ।
বিজি প্রেসের গোপনীয় শাখায় ট্রেড ইউনিয়নের সদস্যদের কাজ করার সুযোগ দেওয়া হয় না বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করলেও এই ট্রেড ইউনিয়ন ভেঙে দিতে সরকারকে প্রস্তাব দিয়েছেন তারা।
গোপনীয় শাখার কর্মীদের সঙ্গে ট্রেড ইউনিয়ন, স্থানীয় রাজনৈতিক দলের নেতা এবং বিজি প্রেসের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন কেউ কেউ।
শ্রম আইনের এক নম্বর ধারায় বলা আছে, এই আইন সরকার ও সরকারের অধীনস্ত অফিস এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তবে শ্রম আইনের এই ধারা শিথিল করে বাংলাদেশ সরকারি মুদ্রাণালয়, রেল; ডাক, তার ও টেলিফোন বিভাগ; সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ ও গণস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ করে দেওয়া হয়েছে।
কী কারণে এসব প্রতিষ্ঠানের জন্য আইনের ধারা শিথিল করা হয়েছে তা বলতে পারেননি বর্তমান শ্রম সচিব মিকাইল শিপার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি কর্মচারীরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। তবে কী কারণে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম আইনের ধারা শিথিল করা হয়েছে কেউই তা বলতে পারছেন না।”
শ্রম সচিব জানান, পে-কমিশনের অধীনে বেতন-ভাতা ভোগকারীদের ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ নেই। ওয়েজবোর্ডের অধীনে যারা বেতন পান, তারা ট্রেড ইউনিয়ন করতে পারেন।
বিজি প্রেস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজি প্রেসে ট্রেড ইউনিয়ন চলে আসছে।
বর্তমানে সরকারের নিবন্ধন নিয়েই ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের কাজ অন্য ট্রেড ইউনিয়নগুলোর মতোই।
প্রশ্ন ফাঁসের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে ইসহাক বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।”
বিজি প্রেসের এক হাজার কর্মীর মধ্যে ট্রেড ইউনিয়নের সদস্য ৮০০ জন। তবে ট্রেড ইউনিয়নের সদস্যরা গোপনীয় শাখায় কাজের সুযোগ পান না বলে দাবি করেন ইসহাক।
তবে বিজি প্রেসের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, গোপনীয় শাখায় ২৬০ জন কর্মী কাজ করলেও চাপ বেশি থাকলে অন্য শাখার কর্মীদেরও ওই শাখায় কাজ করানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত কয়েকটি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে এ বছরের শুরুতে বিজি প্রেসের ট্রেড ইউনিয়ন ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তাতে সায় মেলেনি।
বিজি প্রেসের ট্রেড ইউনিয়ন ও প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
আর এই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীও প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের সংশ্লিষ্টতা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বিজি প্রেসের আধুনিকায়ন দরকার বলে মনে করেন তিনি।
বিজি প্রেসের দেখভালের দায়িত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সামশুল কিবরিয়া মনে করেন, প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের ভেতরে যারা কাজ করেন তাদের ‘সিন্ডিকেট’ থাকতে পারে।
২০১০ সালে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও সবার শাস্তি হয়নি জানিয়ে তিনি বলেন, “বিজি প্রেস আমাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। তবে এদের ইন্টারনাল পলিসিতে আমরা কথা বলি না।”
গোপনীয় শাখায় যারা কাজ করেন তাদের দীর্ঘদিন একই জায়গায় না রেখে বদলি করা প্রয়োজন বলে এই যুগ্ম সচিবের মত।
ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশ থাকতে পারে বলেও তার সন্দেহ।
বিজি প্রেস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বীকার করেন, শ্রমিক লীগের নেতারা কোনো অনুষ্ঠানে ডাকলে ট্রেড ইউনিয়নের কর্মীরা ওই অনুষ্ঠানে অংশ নেন।
“বিএনপি ক্ষমতায় থাকলে জাতীয় শ্রমিক দলের সঙ্গে এই ইউনিয়নের নেতাদের ভালো সম্পর্ক থাকে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাই শ্রমিক লীগের নেতাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক।”
