চট্টগ্রামে রেলের চার একর জমি উদ্ধার
চট্টগ্রাম নগরীতে অবৈধ দখলে থাকা রেলওয়ের চার একর জমি উদ্ধার হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ে জাদুঘর ও সেগুন বাগান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর এ অভিযান পরিচালনা করেন।
পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে সেগুন বাগান এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ বসতি গড়ে উঠেছিল।
“অভিযানে তিন শতাধিক পাকা, আধাপাকা, কাঁচা বসত ঘর গুঁড়িয়ে দিয়ে
রেলওয়ের চার একরের মতো জমি দখলমুক্ত করা হয়েছে।”
এ অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে বলে জানান তিনি।
