২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানুয়া কামালপুর মুক্ত দিবস ৪ ডিসেম্বর

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অধীনে ছিল জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর, যা ৪ ডিসেম্বর শত্রু মুক্ত হয়েছিল।

লুৎফর রহমান

জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 06:17 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

স্বাধীনতার ৪৩ বছর পরেও কামালপুরের গণকবর, বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি  সরকারিভাবে। নির্মিত হয়নি মুক্তিযোদ্ধাদের স্থায়ী অফিস ভবন।

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা জানান, ১১ নং সেক্টরের দায়িত্বে ছিলেন কর্নেল আবু তাহের বীর উত্তম। সীমান্তবর্তী এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মহেন্দ্রগঞ্জে।

নিয়মিত বাহিনীর ৩ হাজার ও গণবাহিনীর ১৯ হাজারসহ মোট ২২ হাজার মুক্তিযোদ্ধা ছিল ১১ নং সেক্টরে। ধানুয়া কামালপুরে পাকসেনাদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল।

১২ জুন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের বিভিন্ন সময়ে ১০ বার সম্মুখ যুদ্ধ হয়েছে। যুদ্ধে ক্যাপ্টেন সালাহ উদ্দিনসহ মোট ১৯৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, পাকসেনা নিহত হয় ৪৯৭ জন।

কমান্ডার শফিকুল ইসলাম খোকা জানান, ১৩ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ও ভারতীয় বাহিনীর সহায়তায় কামালপুর পাকসেনা ক্যাম্পে আক্রমণ করা হয়।  পূর্ব পরিকল্পনানুযায়ী ২৪ নভেম্বর থেকে কামালপুর পাকসেনা ক্যাম্প অবরোধ করে রাখেন মুক্তিযোদ্ধারা।

পরে ৪ ডিসেম্বর গ্যারিসন অফিসার আহসান মালিকসহ বেলুচ, পাঠান ও পাঞ্জাবী সৈন্যের ১৬২ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে যৌথবাহিনীর কাছে আত্মসর্মপনের পর শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর।

কমান্ডার শফিকুল ইসলাম আরও জানান,  মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ১১ নং সেক্টরের ধানুয়া কামালপুর আজও অবহেলিত। শুধু একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে এখানে।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক চিশতী বাবুলের ব্যক্তিগত উদ্যোগে একটি বধ্যভূমি সংরক্ষণ করলেও এখনও অসংখ্য বধ্যভূমি গণকবর সংরক্ষণের কোনো উদ্দ্যোগ নেয়া হয়নি সরকারিভাবে।

ধানুয়া কামালপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর, মুক্তিযোদ্ধাদের স্থায়ী অফিস ভবন নির্মাণ এবং গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান মুক্তিযোদ্ধা বশীর আহমদ, কমান্ডার শফিকুল ইসলামসহ স্থানীয় অন্য মুক্তিযোদ্ধারা।