প্রতিবন্ধীদের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
সমন্বিত সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে সম্মিলিতভাবে প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “প্রতিবন্ধীরা করুণা চায় না, অধিকার চায়; চায় মর্যাদা। আমাদের সম্মিলিতভাবে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।”
২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তি আমাদের আপনজন। তারা এই প্রতিবন্ধিতার জন্য দায়ী নয়। প্রকৃতির নিয়মে তাদের এই প্রতিবন্ধিত্ব জীবন বরণ করতে হয়েছে।
“অবহেলা নয়, বরং ভালবাসার পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে প্রতিবন্ধিতাকে জয় করতে হলে দৃঢ় মনোবল, সাহস ও অধ্যবসায় খুবই জরুরি।”
প্রতিবন্ধীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। জন্মগত ক্রুটি বা অন্যান্য নানা কারণে তারা সাধারণ ব্যক্তি থেকে কিছুটা আলাদা। তবে তাদের বিশেষ যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাও দেশে দক্ষ মানব সম্পদে পরিণত হবে।
“আমি মনে করি, সমন্বিত সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
রাষ্ট্রপতি বলেন, “প্রবল ইচ্ছা শক্তি, পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে পৃথিবীর অনেক প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধিতাকে জয় করে জগৎ বিখ্যাত হয়েছেন। এ প্রসঙ্গে আমরা আমেরিকার বিখ্যাত সমাজকর্মী হেলেন কিলার, প্রখ্যাত ইংরেজ কবি জন মিল্টন, বিশ্বখ্যাত জার্মান কম্পোজার ও সংগীতজ্ঞ বিটোফেন, চেয়ারধারী এ্যাথলেট টনি গ্রে, ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংয়ের কথা বলতে পারি, যারা সকলেই প্রতিবন্ধী ছিলেন।”
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
“আমি জেনে খুশি হয়েছি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অটিজম আক্রান্ত ব্যক্তি ও শিশুদের বিনামূল্যে নিয়মিত থেরাপি, রেফারেল ও কাউন্সিলিং সেবা প্রদান করছে,” বলেন তিনি।
রাষ্ট্রপতি এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘প্রতিবন্ধিতা উন্নয়ন মেলা’র উদ্বোধন ঘোষণা করেন।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক বক্তব্য দেন।
