২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আট দিনব্যাপী প্রতিবন্ধিতা উন্নয়ন মেলা শুরু

প্রতিবন্ধীদের তৈরি হস্তশিল্প ও তাদের সহায়ক পণ্য নিয়ে আট দিনব্যাপী মেলা ও আলোচনা সভা শুরু হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 10:52 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বুধবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব মিজানুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। এ উপলক্ষে প্রতিদিন বিকালে মেলা চত্বরে আলোচনা সভা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন গৃহস্থালি পণ্য, কারুপণ্য, প্রতিবন্ধীদের শিক্ষা ও সহায়ক উপকরণ নিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলো।

গ্রাম বিকাশ সহায়ক সংস্থা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিউটিফুল মাইন্ড, সুইড বাংলাদেশ, ধনবাড়ী প্রতিবন্ধী স্কুল, বাংলাদেশ প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সেন্টার ফর ডিজ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট বা সিডিডি, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন ও প্রয়াসসহ বিভিন্ন সংস্থার মোট ৩৫টি স্টল রয়েছে মেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, “প্রতিবন্ধীরাও যে উন্নয়নে অবদান রাখতে সক্ষম এই মেলা সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরছে। প্রতিবন্ধীদের সম্পর্কে সুস্থ সবল ব্যক্তিদের ভাবতে হবে সেই কথাটি আমরা বলতে চাই।

“আপনার-আমার সন্তান যদি ডিফেক্টেড হয়ে যায় তাহলে তাদের প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে গড়ে তোলার জন্য আধুনিক প্রযুক্তি রয়েছে। প্রতিবন্ধীদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তাকে নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।”

প্রতিবন্ধী ও সার্বিকভাবে সচল নয় এমন সব নাগরিকদের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।