২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে প্রবীণদের স্বস্তি ‘দেশি সিনিয়র সেন্টার’

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা, গান-বাজনা, গল্প আর দেশের স্মৃতি হাতড়ে কাটবে সময়। সাথে সকালের নাস্তা আর দুপুরের খাবার তো থাকবেই। চাইলে যে কেউ শরীরচর্চা, ধর্মচর্চাও করতে পারবেন যে যার মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 05:29 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সন্তানদের ডাকে সাড়া দিয়ে দেশের যেসব প্রবীণ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে তাদের অবসর কাটানোর এমন সব ব্যবস্থা নিয়ে নিউ ইয়র্কে চালু হয়েছে ‘দেশি সিনিয়র সেন্টার’, যে ষাটোর্ধ্বরা সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন।  

সোমবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশি পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টার মিলনায়তনে এই সেন্টারের উদ্বোধন করা হয়। স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত এখানেই চলবে এর কার্যক্রম।

উদ্বোধনের দিনেই শতাধিক বাংলাদেশি এই সেন্টারের সদস্য হিসাবে নাম লিখিয়েছেন। 

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ার প্রবীণদের জন্য এই ধরনের উদ্যোগ এটাই প্রথম, যেটি প্রতিষ্ঠায় সর্বাত্মক সহায়তা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান। এটি পরিচালনা করবে ‘ইন্ডিয়া হোম’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট এসেম্বলির সদস্য ডেভিড ওয়েপ্রিন বলেন, “আমরা সবাই প্রবীণ হব। সবার জন্যেই এ সিনিয়র সেন্টার প্রতিষ্ঠিত হল। এটি পরিচালনায় সবাইকে সহায়তা অব্যাহত রাখতে হবে।”

কম্যুনিটি অ্যাভাইজরি গ্রুপের চেয়ার মাজেদা এ উদ্দিন বক্তব্য দেওয়ার সময় আনন্দে কেঁদে ফেলেন। কারণ তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের সেন্টার স্থাপনের চেষ্টা চালাচ্ছিলেন।

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে সিনিয়র সিটিজেন সম্পর্কিত কমিটির চেয়ারপারসন মার্গারেট চিন বলেন, ‘এই সিটিতে প্রবীণের সংখ্যা বাড়ছে। তাই নিজ নিজ সংস্কৃতির আবহে প্রবীণদের সময় কাটানোর ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কম্যুনিটি অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ রহমান, ‘ইন্ডিয়া হোম’ এর নির্বাহী পরিচালক ড. বসুন্ধরা ডি কালাসাপুদি।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় কংগ্রেস সদস্য গ্রেস মেং।