চট্টগ্রামে ঘাট শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে ‘ঘাট ও গুদাম’ শ্রমিকদের একাংশের কর্মবিরতি তৃতীয় দিনে গড়িয়েছে।
গত দুদিনের মতো মঙ্গলবার সকালেও নদীর ১৬ ঘাটের মধ্যে ১২টি ঘাটে কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা।
তবে বাকি চারটিতে পণ্য খালাসের কাজ স্বাভাবিক রেখেছে অন্য অংশের শ্রমিকরা।
আন্দোলনে থাকা ‘চট্টগ্রাম ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির’ সদস্য সচিব রাজা মিয়া হাওলাদার জানান, সমস্যা সমাধানে মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে তাদের বসার কথা রয়েছে।
“চেম্বার সভাপতি মাহবুবুল আলম সমস্যা নিরসনের জন্য আমাদের সাথে বসবেন বলেছেন। দুপুরে চেম্বার নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রাজা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের জানুয়ারিতেও মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল। তখন প্রতি দুইবছর পরপর মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি।
এ কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন ঘাট শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙর থেকে খাদ্যশস্য ও সার ছোট লাইটার জাহাজের মাধ্যমে এসব ঘাটে এনে খালাস করে গুদামে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শ্রমিকদের আন্দোলনের কারণে বিভিন্ন ঘাটে বর্হিনোঙর থেকে মাল নিয়ে আসা বেশ কিছু জাহাজ তিন দিন ধরে আটকা পড়ে আছে।
এ আন্দোলনের সঙ্গে সব শ্রমিক যুক্ত নয় মন্তব্য করে ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শ্রমিকের সঙ্গে আলোচনা না করে একটি পক্ষ কর্মবিরতি শুরু করেছে।”
কর্মবিরতীর দ্বিতীয় দিন আন্দোলনের পক্ষে ও বিপক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
