‘শিক্ষিত-দক্ষ চালক ছাড়া দুর্ঘটনা রোধ অসম্ভব’
শিক্ষিত ও দক্ষ চালক ছাড়া কখনোই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে সংগঠনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে গত শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়েছিলাম। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি।
“শুরুতে অনেকে এ আন্দোলন নিয়ে অপপ্রচার চালিয়েছিল। তারপরও নিজেদের কাজ চালিয়ে গিয়েছি আমরা।”
সড়ক দুর্ঘটনা রোধে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন তিনি।
ইলিয়াস কাঞ্চনদের অনশন ভাঙালেন যোগাযোগমন্ত্রী
তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘উদাসীনতা’য় ক্ষোভ প্রকাশও করেন জনপ্রিয় এ অভিনেতা।
“আমাদের দাবি ছিল ৬৪টি জেলায় ড্রাইভিং মেকানিক্যাল ইন্সটিটিউট স্থাপন করা। ২০১৩ সালে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা দেয়া হয়। তিনি ২০১৩-১৪ সালের বাজেটে নিরাপদ সড়ক চাই সংগঠনকে এ উদ্দেশ্যে ২০ কোটি টাকা থোক বরাদ্দ দেন।
“তবে দুঃখের বিষয়, সেই টাকা এখনও আমাদের নামে ছাড় দেয়া হয়নি। ফলে নতুন ইন্সটিটিউটের কাজ করা সম্ভব হচ্ছে না।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব শামিম আলম দীপেন, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন প্রমুখ।
