মিটফোর্ডে ওষুধের মার্কেটে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় একটি ওষুধের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, সোমবার বেলা ২টার দিকে ওই ওষুধের মার্কেটে আগুন লাগে।
"খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
তাৎক্ষণিকভাবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা নোয়াব হোসেন জানান, পাঁচতলা ওই ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত ওষুধের দোকান ও গুদাম রয়েছে।
"আগুন লাগার পর মার্কেটের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে ঠিক কোন অংশে আগুন লেগেছে তা বোঝা যায়নি।”
ফায়ার সার্ভিস কর্মীরাও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।
