২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা দম্পতির খালাসের রায় বাতিল

ঘুষ নেওয়ার মামলায় সাবেক বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রীকে খালাসের হাই কোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:51 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এর ফলে হাই কোর্টে আবার এ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ২৭ অগাস্ট বিশেষ জজ আদালতে এই মামলায় নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা জরিমানা করে। পাশাপাশি তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের দণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাই কোর্ট তাদের খালাস দেয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ ও দুদক। উভয় আবেদনের শুনানি করে আদালত হাই কোর্টের রায় বাতিল করে দিল।

খুরশীদ আলম খান বলেন, হাই কোর্ট মহিউদ্দিন খান আলমগীরের মামলার যুক্তি দেখিয়ে আসামিদের খালাস দেয়। এখানে সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নেওয়া হয়নি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা আপিল বিভাগে বলেছি, এটা ঘুষের মামলা। সম্পদের মামলা নয়। তাই মহিউদ্দিন খান আলমগীরের মামলার যুক্তি দেখিয়ে এই মামলার রায় বাতিল করা যায় না।”

তিনি জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে নাজমুল হুদা বা তার স্ত্রীকে নতুন করে জামিন নিতে হবে না। হাই কোর্টের রায়ের আগে তারা জামিনে ছিলেন। সেই অবস্থাই বহাল থাকল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. শরিফুল ইসলাম ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, সাপ্তাহিক পত্রিকা 'খবরের অন্তরালে'র জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা।