কর্ণফুলীতে ঘাট শ্রমিকদের সংঘর্ষ, অবরোধ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে ধর্মঘট পালনকারী ঘাট শ্রমিকদের সঙ্গে তাদের বিরোধীতাকারী একটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ হয়েছে।
নগরীর নদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে এ ধাওয়া পাল্টা ধাওয়ার পর ট্রাঙ্করোড মাঝিরঘাট সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শ্রমিকরা।
পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি বলেন, নগরীর আনু মাঝির ঘাট এলাকায় ঘাট-গুদাম শ্রমিকদের কর্মবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে এ বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে কর্ণফুলী নদীর ১৬ ঘাটে রোববার থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করছে ঘাট শ্রমিকদের একাংশ।
আন্দোলনকারী ‘চট্টগ্রাম ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির’ সদস্য সচিব রাজা মিয়া হাওলাদারের অভিযোগ শ্রমিকদের কর্মবিরতি চলার সময় পুলিশের ‘সহায়তায়’ আরেক পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলায় তাদের বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।”
তবে, আন্দোলনে না থাকা ‘ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের’ সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, “সাধারণ শ্রমিকরা ঘাটে কাজ শুরু করলে একটি পক্ষ তাদের কাজে বাধা দেয়। এসময় সাধারণ শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”
শ্রমিকদের একাংশের এ কর্মবিরতির কারণে বন্দরের বর্হিনোঙর থেকে মাল নিয়ে আসা বেশ কিছু লাইটারেজ জাহাজ বিভিন্ন ঘাটে আটকা পড়ে আছে। বন্দরের বর্হিনোঙর থেকে খাদ্যশস্য ও সার ছোট লাইটার জাহাজের মাধ্যমে এসব ঘাটে এনে খালাস করা হয় এবং পরে বিভিন্ন গুদামে নিয়ে যাওয়া হয়।
ঘাট গুদাম শ্রমিক নেতা রাজা মিয়া বলেন, এর আগেও দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ।
তাই এবার দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি।
“বেশকিছু দিন ধরে দাবি জানিয়ে আসার পর এই কর্মবিরতি শুরু করতে আমরা বাধ্য হয়েছি”, বলেন তিনি।
তবে শ্রমিকরা জানায়, ১০টি ঘাটে কাজ বন্ধ থাকলেও বাকি ঘাটগুলোতে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।
