২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় দুই নৌপথে পারাপার ব্যাহত

ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে দক্ষিণের পথে গুরুত্বপূর্ণ দুই নৌ রুটে ফেরি পারাপর বিঘ্নিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 11:59 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

দৌলতদিয়া-পাটুরিয়া পথে সোমবার ভোর থেকে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে আবার পারাপার শুরু হয়। আর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি বন্ধ থাকে প্রায় সাত ঘণ্টা।

এ সময় চার ঘাটে কয়েকশ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েন।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দুষ্টিসীমা কমে আসায় সোমবার ভোর ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় দুই পাড় থেকে ছেড়ে আসা শতাধিক যানবাহন ও এর যাত্রীদের নিয়ে আটটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে।

প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল ১০টার দিকে এ পথে আবার পারাপার শুরু হয়।

আটকে থাকা ফেরি শাহ্ মখদুম, বরকত, জাহাঙ্গীর, কাবেরী, কুমারী, শাপলা শালুখ, হাসনা হেনা ও বনলতা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।   

শিমুলিয়া ঘাটের ম্যানেজার আ. আলিম জানান, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার বন্ধ রাখা হয়। এ সময় হাজারেরও বেশি যাত্রী নিয়ে ফেরি শাহ্ আলী, রায়পুরা, কলমীলতা, করবী, থোবাল, রানীক্ষেত মাঝনদীতে আপকা পড়ে।

আবহাওয়া পরিষ্কার হলে সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি শাহ পরান, কাকলী ও রাণীগঞ্জ কাওড়াকান্দির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কাওড়াকান্দি থেকে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, রামশ্রী ও লেন্টিং শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।