২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় নারী অধিকার রক্ষায় সচেতনতামূলক অনুষ্ঠান

নারীর ওপর সব ধরনের সহিংসতা রোধ এবং নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নারীর অধিকার প্রতিষ্ঠায় কর্মরত 'সাউথ এশিয়ান উইমেন্স নেটওয়ার্ক (সাংগাত) এবং ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামের দুইটি ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:35 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের নারী অধিকার আন্দোলন কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এই দুই দেশের শিল্পীরা।

সঙ্গীত শিল্পী সানোয়ারা নীতুর গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পর আলোচনা পর্বে বক্তব্য রাখেন ভারতের নারী অধিকার আন্দোলনের কর্মী কমলা ভাসিন, বাংলাদেশের প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং নারী পুরুষ সমতা আন্দোলন কর্মী শহীদুল আলম।

অনুষ্ঠানে কমলা ভাসিন বলেন,“ এই সমাজে সহিংসতা, বৈষম্যের চেহারা বহুমাত্রিক। সারা পৃথিবী জুড়েই নারীর ওপর সহিংসতা চলছে। মূলত পুরুষদেরকেই এজন্য দায়ী করা হয়। কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন পুরুষ নিপীড়ক বা সহিংস হয়ে জন্মগ্রহণ করেন।

“এই সমাজ ব্যবস্থা একজন নিপীড়ক তৈরি করে। তাই আজকের দিনে সমতার সমাজের জন্য সংগ্রাম একই সঙ্গে নারী ও পুরুষের যৌথ সংগ্রাম।”

তিনি আরো বলেন, “বিশ্ব জুড়ে নারীর ওপর সহিংসতা, নির্যাতন বৈষম্য রোধে সংবেদনশীল পুরুষদেরও এগিয়ে আাসা একান্ত প্রয়োজন। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই আন্দোলনের সাফল্য সম্ভব নয়।”

আলোচনায় অন্যান্য বক্তারাও কমলা ভাসিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বক্তব্য দেন।

এরপর সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশি শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম এবং ভারতীয় শিল্পী পার্বতী বাউল।

পার্বতী বাউলের পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রতিপাদ্য প্রসঙ্গে ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ এর সমন্বয়ক খুশি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০০০ সাল থেকে ২৫ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত এক পক্ষকাল সমগ্র মধ্য ও দক্ষিণ এশিয়ায় নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মসূচি নেয়ার কথা বলা হয়েছে।

“জাতিসংঘের ঘোষণার আলোকে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা মনে করি, নারী এবং পুরুষদের সম অংশগ্রহন ব্যতীত একটি বৈষম্যহীন শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। এবারের এই কর্মসূচির মাধ্যমে আমরা এই মেসেজটাই সবার কাছে নিয়ে যেতে চাই।”