কারমাইকেলের বহিষ্কৃত ছাত্রনেতা গ্রেপ্তার
রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননকে কুপিয়ে আহত করার অভিযোগে একই সংগঠনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রোববার সন্ধ্যার আগে রংপুরের কাউনিয়া উপজেলা বাজার থেকে গ্রেপ্তার জাভেদ আহমেদ কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার রাত ৯টায় রংপুর নগরীর পশ্চিম বাবু খাঁ এলাকার নজরুল পাঠাগারের সামনে কাননকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার বাম পা ও ডান হাতে মারাত্মক জখম হয়েছে।
এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক বাদী হয়ে জাভেদসহ পাঁচ জনকে আসামি করে রোববার কোতোয়ালি থানায় মামলা করেন বলে ওসি আব্দুল কাদের জিলানী জানান।
