২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

নিহত আমজাদ হোসেন (৪৫) উপজেলার পাঁচরুখী এলাকার ইদ্রিস মোল্লার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত বলে আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবু জানিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

"আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আমজাদ।"

বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন।

"তার গায়ে গুলি ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।"

আড়াইহাজারের ওসি আলমগীর জানান, ফেস্টুন ছিঁড়ে ফেলা নিয়ে বাক বিতণ্ডার জেরে এ সংঘর্ষে প্রায় ঘণ্টাখানেক ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এলাকাবাসীকে উদ্ধৃত করে ওসি জানান, কিছুদিন আগে পাঁচরুখী এলাকায় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের ব্যানার ফেস্টুন খুলে ফেলে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।

বেলা পৌনে ১১টার দিকে যুবদল নেতা আজাদের সমর্থক সজিবের সঙ্গে এমপি নজরুল ইসলাম বাবুর সমর্থক আমজাদ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে দ্বীন ইসলাম (২৫) নামে গুলিবিদ্ধ এক যুবক রয়েছেন বলে পরিদর্শক মোজাম্মেল জানান। স্থানীয়রা জানিয়েছেন, দ্বীন ইসলামও যুবলীগ কর্মী।

সংঘর্ষের সময় বিএনপি সমর্থক আব্দুল কাদির হাজির বাড়িতে আগুন ধরানো হয় জানিয়ে ওসি আলমগীর বলেন, দমকল বাহিনী এসে আগুন নেভায়।