শফিউল হত্যা : রিমান্ড শেষে ৩ শিবিরকর্মী জেলে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার তিন শিবিরকর্মীকে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন জিন্নাত আলী, সাগর ও আরিফ।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, “শনিবার বিকালে তিন শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদের শেষে মহানগর হাকিম শারমিন আক্তারের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।”
এই তিন শিবিরকর্মীকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার থানা হেফাজতে নেয় মতিহার থানা পুলিশ।
র্যাবের হাতে গ্রেপ্তারের পর যুবদলের ছয়জন শফিউল হত্যার যে তথ্য দিয়েছিল থানা হেফাজতে জিজ্ঞাসাবাদে তিন শিবিরকর্মী একই ধরনের তথ্য দিয়েছে বলে জানন ওসি আলমগীর।
গত ১৫ নভেম্বর ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার কাছে খুন হন শফিউল। এরপর ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া রাজশাহীর যুবদল এবং ছাত্রদল নেতাসহ ছয়জনকে আটক করে র্যাব। পরে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশাসহ চালককেও আটক করা হয়।
