সন্তানের মুখ, বিয়ের স্বপ্ন নিয়ে ডুবলেন তারা
কারো কথা ছিল বাড়ি ফিরেই বিয়ের পিঁড়িতে বসবেন। কেউবা অপেক্ষায় কখন দেখবেন নবজাত সন্তানের মুখ। বাড়ি ফিরেই সন্তান সম্ভবা স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন- এমন কথাও দিয়েছিলেন কেউ।
তবে এখন এসবই অতীত। ভাগ্যে কি জুটেছে, জীবিত নাকি মৃত- সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্বজনদের মনে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে সেন্টমার্টিন থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফভি বন্ধনকে ধাক্কা দেয় বসুন্ধরা-৮ নামে একটি মার্চেন্ট ভ্যাসেল।
এ ঘটনায় ডুবে যাওয়া এফভি বন্ধনের ২৯ নাবিকের মধ্যে দুই জনকে জীবিত এবং একজনের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। অপর ২৬ নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
সাগর থেকে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ডুবে যাওয়া এফভি বন্ধনের প্রধান কর্মকর্তা ইব্রাহীম খলিলের। তবে এফভি বন্ধনের সঙ্গে তিনিও নিখোঁজ রয়েছেন।
বাবা-মায়ের একমাত্র সন্তান ইব্রাহীমের বিয়ে হওয়ার কথা আগামী ২৫ ডিসেম্বর। কথা ছিল সাগর থেকে ফেরার পর শুরু হবে বিয়ের আনুষ্ঠানিক কাজ।
তার ভগ্নিপতি মো. জহির জানান, একমাত্র সন্তানকে হারিয়ে ইব্রাহীমের বাবা-মা পাগলপ্রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ২৫ ডিসেম্বর তার বিয়ে করার কথা ছিল। অন্যান্য সকল কাজও প্রায় শেষ হয়েছে। সে সমুদ্র থেকে ফিরলেই বাকি কাজ শেষ করার কথা ছিল।”
“ইব্রাহীমকে জীবিত খুঁজে পাওয়ার কোন আশা নেই বললেই চলে”, কান্নাজড়িত কণ্ঠে বললেন তিনি।
ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এ তো গেল এক জনের কথা। বন্ধনের আরেক নাবিক মো. রহিম স্ত্রীকে কথা দিয়েছিলেন সমুদ্র থেকে ফিরে সন্তানের মুখ দেখবেন।
ভোলার লালমোহন উপজেলার বাসিন্দার রহিম দুই বছর আগে সুমা আক্তারকে বিয়ে করেন। ১৯ নভেম্বর সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে এফভি বন্ধনে করে সমুদ্রে যান রহিম।
স্ত্রীর সঙ্গে রহিমের শেষ কথা হয় বৃহস্পতিবার রাত ১১টার দিকে। দুর্ঘটনার পর থেকেই স্বামীর সন্ধানে দুই দিন ধরে অপেক্ষায় আছেন সুমা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওইদিন মোবাইল ফোনে বলেছিল সমুদ্র থেকে ফিরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে।”
দুঘর্টনায় জীবিত উদ্ধার হওয়া নাবিক লাভলুর মাধ্যমে দুর্ঘটনার খবর পান বলে জানান তিনি।
আর সহকর্মীর দায়িত্ব কাঁধে নিয়ে নিজেই নিখোঁজ ক্যাপ্টেন মুক্তাদির। মাছের ট্রলার এফভি বন্ধনের নিয়মিত ক্যাপ্টেন মাহবুবুল হক মজুমদারের পারিবারিক কাজ পড়ে যাওয়ায় এই দায়িত্ব নিয়ে সমুদ্রে গিয়েছিলেন ক্যাপ্টেন মুক্তাদির বিল্লাহ।
২৪ দিনের সন্তানকে রেখে সাগরে গিয়েছিলেন তিনি। স্ত্রী কোহিনুরকে কথা দিয়েছিলেন শিগগির ফিরবেন।
ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবদুল্লাহ মিয়ার সন্তান ক্যাপ্টেন মুক্তাদির।
এদিকে এফভি নিখোঁজের ঘটনা তদন্তে মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের (নৌবাণিজ্য অধিদপ্তর) পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
