২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে আহত ২

পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে মালবাহী একটি ট্রলারের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে দুই কিশোর আহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

বুধবার ভোর ৪টার দিকে কাউখালীর সন্ধ্যা নদীতে ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি সুলতান আহম্মেদ জানান।

আহত রাকিব হোসেন (১৬) ও রিপন মিয়া (২০) কাউখালীর চিড়াপাড়া গ্রামের বাসিন্দা।

দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি সুলতান জানান, ভোর রাতে কাউখালী ঘাট থেকে মংলাগামী একটি মালবোঝাই বড় আকারের ট্রলার সন্ধ্যা নদীতে জেলে নৌকায় ধাক্কা দেয়।

এসময় নৌকাটি ডুবে গেলে দুই জেলে নদীতে পড়ে যায়। সে সময় নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটি দ্রুত সেখান থেকে চলে যাওয়ায় এখনো সেটি সনাক্ত হয়নি বলে ওসি জানিয়েছেন।