বিদ্যুৎ বিপর্যয়: কারণ জানা যাবে ‘দুই-এক দিনের মধ্যে’
তিন সপ্তাহ আগে গ্রিড বিপর্যয়ে প্রায় আট ঘণ্টা সারাদেশ বিদ্যুৎহীন থাকার কারণ দুই-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসুরল হামিদ।
বুধবার বিদ্যুৎ ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আজ অফিশিয়ালি আমার কাছে প্রতিবেদন জমা হবে।”
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে চাইলে নসরুল হামিদ বলেন, “আমিতো প্রতিবেদন দেখিনি। আগে প্রতিবেদনটা দেখি। এক দুই দিন সময় চাচ্ছি; আপনাদের সঙ্গে কথা বলব।”
গত ১ নভেম্বর সকালে সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তদেশীয় গ্রিড উপকেন্দ্রে সমস্যার কথাই প্রথমে বলেছিলেন ওই কেন্দ্রের এক প্রকৌশলী। ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ ওই কেন্দ্রের মাধ্যমেই বাংলাদেশের গ্রিডে যোগ হয়।
ওই ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির সদস্যরা বিপর্যয়ের কারণ খুঁজতে পরে ভেড়ামারা উপকেন্দ্র পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রও পরিদর্শন করেন তারা।
কমিটি গত ৬ নভেম্বর তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের নিজস্ব গ্রিডের মধ্যে কোনও এক জায়গায় বিপর্যয় হয়েছে। ভারতের অংশে কোনও সমস্যা হয়নি।”
বুধবার বিদ্যুৎ ভবনে সাংবাদিকরা বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে চেয়ে বার বার প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন।
এক পর্যায়ে মন্ত্রী বলেন, “আমাদের মূল চিন্তা- ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
