২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে হোটেল-রেস্তোরাঁ বিল পাস

নিবন্ধন শর্ত ভঙ্গে শাস্তির মাত্রা বাড়িয়ে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪’ জাতীয় সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

বুধবার সংসদ অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এতে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের দুটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।

গত ২ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন পর্যটন মন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এই বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, “বাংলাদেশের পর্যটকদের অবস্থান ও সেবা নিশ্চিত করার জন্য হোটেল ও রোস্তোরাঁর সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। সকল হোটেল ও রোস্তোরাঁর সেবা ও সুযোগ-সুবিধার মান নিশ্চিত করতে দীর্ঘ দিনের পুরনো ‘দ্যা বাংলাদেশ হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অর্ডিন্যান্স-১৯৮২’ পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

“অধিকতর স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনা, সেবা ও সুযোগ-সুবিধার মান নিয়ন্ত্রণ, সুষ্ঠু পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে যুগোপযোগী পরিবর্তনের লক্ষ্যে নতুন আইন করা বিশেষ প্রয়োজন।”

১৯৮২ সালে জারি হওয়া সামরিক অধ্যাদেশ পরিমার্জন ও সংশোধন করে নতুন আইন করতে এই বিল সংসদে উত্থাপন করা হয়।

বর্তমান আইনে অনধিক পাঁচ হাজার টাকার জরিমানার বিধান থাকলেও এই বিলে ছয় মাসের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এই আইন কার্যকর হলে হোটেলে পানীয় ও খাবারের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। আর তিন তারকা বা তার চেয়ে উচ্চ মানের হোটেল করতে হলে সরকারের অনাপত্তিপত্র লাগবে।

বিলে তিন বছর পর-পর লাইসেন্স নবায়নের বাধ্যবাধকতার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে জেলা প্রশাসক বা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হোটেল-রোস্তোরাঁর নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন।

নতুন আইনে কোন অতিথি বা ক্রেতা সেবা ও মান নিয়ে নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে পারবেন। নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তদন্ত করে ব্যবস্থা নিতে পারবেন নিয়ন্ত্রক।