নৌবাহিনীকে দুটি যুদ্ধ জাহাজ হস্তান্তর
নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নির্মিত দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব জাহাজ দুটি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, রিয়ার এডমিরাল সাইফুল কবির, রিয়ার এডমিরাল আওরঙ্গজেব, ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খুরশিদ মালিক প্রমুখ।
এর আগে নৌবাহিনী প্রধান অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্মিত যুদ্ধ জাহাজ দুটি পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ‘নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
অনুষ্ঠানে এম ফরিদ হাবিব বলেন, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর এ দুটি যুদ্ধ জাহাজ তৈরি শুরু হয়। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি টাকা। প্রতিটি যুদ্ধ জাহাজের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ৫ মিটার।
নির্মিত এ দুটি ল্যান্ডিং ক্র্যাফট (যুদ্ধজাহাজ) (এলসিটি ১০৩ ও ১০৫) জাতিসংঘ মিশনে শান্তি রক্ষায় কাজ করবে।
এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অপারেশনাল কর্মকাণ্ডের পাশাপাশি অপরাধ দমন ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডেকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডে উন্নীত করা হবে, যাতে নৌবাহিনীর তৈরি জাহাজ বিদেশেও রপ্তানি করা যায়।
নারায়ণগঞ্জ ডকইয়ার্ড আধুনিকায়ন করার কারণে এখন ১৪শ টন ধারণ ক্ষমতার ৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ নির্মাণ সম্ভব হবে বলে তিনি জানান।
