২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুনির শাস্তির সঙ্গে ক্ষতিপূরণও চেয়েছেন ফেলানীর বাবা

পুনর্বিচারে সাক্ষ্য দিতে ভারতে গিয়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের শাস্তি চেয়েছেন সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, সেই সঙ্গে মেয়ে হত্যার ক্ষতিপূরণও চেয়েছেন তিনি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

ভারতের কুচবিহারে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) সেক্টর সদর দপ্তরে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে সাক্ষ্য দিয়ে সোমবার রাতে দেশে ফেরেন নুরুল ইসলাম।

কুড়িগ্রামে ৪৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ টি এম হেমায়েতুল ইসলাম, কুড়িগ্রামের পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ফেলানীর বাবাকে নিয়ে রোববার ভারতে গিয়েছিলেন।

পরদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নুরুলের সাক্ষ্যগ্রহণ ও জেরা চলে। এরপর রাতে তারা লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসেন।  

নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আদালতে কাইন্দা কাইট্যা মাইয়াডার খুনির বিচার চাইছি। সেই সঙ্গে আমার সন্তানদের ভরণ পোষনের জন্য ক্ষতিপূরণ চাইছি।”

২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে বাংলাদেশে ঢোকার সময় ১৫ বছরের কিশোরী ফেলানীকে কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর লাশের ছবি প্রকাশ হলে এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক হইচই হয়।

ঘটনার দুই বছর পর ২০১৩ সালের ১৩ অগাস্ট ভারতের কুচবিহার জেলার সোনারী এলাকায় ১৮১ বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়।

Image
সাক্ষ্য দিতে রোববার ভারত যাওয়ার সময় আইনজীবী ও বিএসএফ কর্মকর্তার সঙ্গে ফেলানীর বাবা নুরুল ইসলাম

সাক্ষ্য দিতে রোববার ভারত যাওয়ার সময় আইনজীবী ও বিএসএফ কর্মকর্তার সঙ্গে ফেলানীর বাবা নুরুল ইসলাম

ওই বিচারে বিএসএফ সদস্য অমিয় ঘোষ খালাস পেলে ওই রায় প্রত্যাখ্যান করে ফেলানী হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের কাছে আবেদন করেন নুরুল, যার পরিপ্রেক্ষিতে পুনর্বিচার হচ্ছে।

নুরুল ইসলাম বলেন, “আমারে অনেক জেরা করছে। আমি ঠিকমত জবাব দিছি। বলছি দালাল মোশারফ আমারে সীমান্ত পার করার দায়িত্ব নিয়েছিল। ওরা তিন জন কাঁটাতারে মই দিয়ে পার করে দিতে আসে। কিন্তু বিএসএফ দেইখ্যা তারা পলায় যায়।

“আমি বাংলাদেশের মাটিতে পা রাখি। কিন্তু ফেলানীর সোয়েটার তারে আটকে যায়। এরপর বিএসএফ অমিয় ঘোষ মেয়েডারে আমার চোক্ষের সামনে গুলি কইরা মারে। আমি বাবা হয়ে তারে বাঁচাতে পারি নাই।”

বিচার পর্যবেক্ষণে যাওয়া অ্যাডভোকেট লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেলানীর বাবাকে অনেক জেরা করা হয়েছে। তিনি সঠিকভাবেই জবাব দিয়েছেন।

প্রথম বিচারে আসামি খালাস পাওয়ায় পুনর্বিচারে ফেলানীর বাবা পক্ষে রায় আসা নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশের এই আইনজীবীর।

“একই আদালতে একই বিচারক ও একই ডিফেন্স ও প্রসিকিউটর কার্যক্রমে অংশ নেয় বলে একটু অজানা আশঙ্কা থেকেই যায়। তবে এটাও সত্য যেহেতু পুনর্বিচার হচ্ছে, তাই এবার ভিন্নতর রায় আশা করছি।”

Image
ভারতে বিএসএফের আদালতে সাক্ষ্য দিতে ফেলানীর বাবাকে নিয়ে গিয়ে ফেরার পর মঙ্গলবার কুড়িগ্রামে ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তা মেজর এটিএম হেমায়েতুল ইসলাম।

ভারতে বিএসএফের আদালতে সাক্ষ্য দিতে ফেলানীর বাবাকে নিয়ে গিয়ে ফেরার পর মঙ্গলবার কুড়িগ্রামে ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তা মেজর এটিএম হেমায়েতুল ইসলাম।

আদালতে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন বিএসএফের ডিআইজি (কমিউনিকেশনস) সিপি ত্রিবেদী।

যার ছোড়া গুলিতে ফেলানীর মৃত্যু হয় বলে অভিযোগ, সেই বিএসএফ সদস্য অমিয় ঘোষও আদালতে ছিলেন। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

বিজিবি কর্মকর্তা মেজর হেমায়েত বলেন, তিনি ও অ্যাডভোকেট লিংকন আদালতে উপস্থিত থেকে বিচার কার্যক্রম দেখতে পেরেছেন শুধু। কোনো বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না এবং তাদের কোনো প্রশ্নও করা হয়নি। 

বিচার কাজ আরো কয়েকদিন চলবে বলে জানতে পেরেছেন বিজিবির এই কর্মকর্তা।

অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।