২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০

পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 03:59 PM

Updated : 13 Oct 2022, 12:49 PM

মঙ্গলবার এ সংঘর্ষের পর কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী তিন মাসের জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তিন ছাত্রকে আটক করেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আহতদের মধ্যে তিন জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে ১৩ নভেম্বর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

বেলা ১১টার দিকে হিল্লোল নামে এক ছাত্র ক্যাম্পাসে থাকা দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিমের পোস্টার ছিঁড়ে ফেলেছে অভিযোগ তুলে তাকে ধারালো অস্ত্রসহ আটক করে অধ্যক্ষের কক্ষে আনে প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন।

এই খবর পেয়ে অপর গ্রুপ তার কক্ষে হামলার চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অধ্যক্ষ কামরুল আহসান আরও জানান, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে এবং আগামী তিন মাসের জন্য কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

এছাড়া ঘটনা তদন্তে অধ্যাপক ডা. বুলন্দ আকতারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পৌঁছানোর আগেই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ ছাত্র আহত হন।

এদের মধ্যে ইব্রাহিম খলিল, সাহিদুল ও রাসেদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর পুলিশের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ হিল্লোল, জিসান ও সোহাগ নামের তিন ছাত্রকে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, এর আগে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে একটি গ্রুপ ডা. ইউসুফ হলে হামলা চালিয়ে কয়েকটি কক্ষে ভাংচুর চালায় এবং কয়েকজন ছাত্রকে মারধর করে।

এ সময় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা জানান, জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্র মোজাহিদুর হাসানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখা কমিটির অনুমোদন দেন।

একই দিন জেলা কমিটির যুগ্ম আহবায়ক সৈকত পাল আশফাকুর রহমান তুষারকে সভাপতি ও আসফিকার শামসকে সাধারণ সম্পাদক পাল্টা আরেকটি কমিটি অনুমোদন দেন। তখন থেকেই  উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।