নাটোরে দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নাটোর সদর উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত নান্নু শেখ (১৪) সিংড়া উপজেলার শালিখা গ্রামের হানিফ আলী শেখের ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সাত্তার জানান, নান্নু মাটিকোপা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সকালে অটোরিকশা করে বনলতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি।
সাড়ে ৮টার দিকে চিড়াকোলা মোড়ে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্নুর মাথা ফেটে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হোসেন নামের এক অটোরিকশা চালককে আটক করে।
