২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন্ত্রণপত্রে প্রয়াত সাংসদের নাম!

একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথি হিসেবে প্রয়াত এক সংসদ সদস্যের নাম রাখায় সংসদ সচিবালয়ের অদক্ষতার সমালোচনা করেছেন এক সাংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক কর্মশালার আমন্ত্রণপত্রে অতিথিদের নামের তালিকায় সিরাজগঞ্জ-৩ আসনের প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের নাম রয়েছে।

গত ৬ অক্টোবর মারা যান ইসহাক হোসেন, যা নিয়ে গত ১৩ নভেম্বর সংসদের চলমান চতুর্থ অধিবেশনের প্রথম দিনে একটি শোকপ্রস্তাবও গৃহিত হয়।

সাংসদের মৃত্যু এবং শোক প্রস্তাব নেওয়ার পরও সংসদ সচিবালয়ের এ ধরনের ভুলে বিস্ময় প্রকাশ করেছেন সুনামগঞ্জের সরকারদলীয় সাংসদ মুহিবুর রহমান মানিক।

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিপিএ ও আইএমএফ আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে সিপিএ চেয়ারপার্সন স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন।

মানিক বলেন, “দেখলাম আমন্ত্রণপত্রে আমার নামের পাশে মরহুম ইসহাক তালুকদারে নাম অন্তর্ভুক্ত হয়েছে। আমি এতে বিস্মিত হয়েছি। যে সংসদ সদস্য মাসখানেক আগে মারা গেছেন, যার জন্যে সংসদে শোক প্রস্তাবও গৃহীত হয়েছে; তারপরও খবর রাখেনি সচিবালয়।”

সংসদ সচিবালয়ের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “যে সংসদ গণতান্ত্রিক বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, সে সংসদের সচিবালয় তার সংসদ সদস্যের খবর রাখে না।

“জাতীয় সংসদ সচিবালয় কতটুকু যত্নবান সংসদ সদস্যের খবর রাখার বিষয়ে? এতে সাধারণ জনগণের মধ্যে জাতীয় সংসদ নিয়ে বিরূপ ধারণা হবে এবং অবমূল্যায়ন করবে।”

এসময় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “এ বিষয়টির জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করছি।”

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সংসদ সচিবালয়ের সচিবকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন ডেপুটি স্পিকার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচন হবে ২৩ ডিসেম্বর।

পুরনো খবর:

ত্যাগী নেতা থাকলে কষ্ট হয় না: প্রধানমন্ত্রী