২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি অধ্যাপক খুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক তানভীর কায়সার, কলা ও মানবিক অনুষদের ডিন মুহসিন উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় শনিবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে, যিনি বাউল সাধক লালনের ভক্ত ছিলেন।

ঘটনার দিন রাতেই ফেইসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি পৃষ্ঠায় এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হলেও এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয় এখনও। 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকাল পর্যন্ত ৩৪ জনকে আটক করেছে পুলিশ।

তবে নিহত অধ্যাপকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌমিন সাহরিদ জাভিন মনে করছেন, ইসলামী জঙ্গি সংগঠনগুলোই তার বাবাকে হত্যা করেছে।