২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে চায়ের ফ্লাস্কে, শাহ আমানতে কফি পটে সোনা

দেশের দুই আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর কাছ থেকে প্রায় একই কায়দায় আনা দুই কেজির বেশি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর চায়ের ফ্লাস্কে পাওয়া যায় এক কেজি ১০০ গ্রাম সোনা। আর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অন্য যাত্রীর দুটি কফি পটে মিলেছে এক কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার।

এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে রহিম (৩৫) এবং শাহ আমানত বিমানবন্দরে মো. ফারুক (২৯) নামের দুজনকে আটক করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন রহিম।

“বিমানবন্দর ছাড়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি চায়ের ফ্লাক্স ভেঙে কয়েক টুকরা সোনা পাওয়া যায়, যার ওজন এক কেজি ১০০ গ্রাম।"

ওই সোনার দাম আনুমানিক ৫৫ লাখ টাকা বলে জানান তিনি।

আর ঘণ্টা দেড়েক আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান ফারুক।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শাহাদত জামিল বলেন, “গ্রিন চ্যানেলে ফারুকের লাগেজ স্ক্যান করার সময় দুটি কফির পট পাওয়া যায়। সন্দেহ হওয়ায় ঢাকনা খুলে ভেতরে পাঁচটি করে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ১৬ গ্রাম।”        

এই সোনার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে শাহাদত জানান।

ফারুকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা হবে বলে জানান তিনি।