২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ভাইসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, গ্রেপ্তার ৮

নওগাঁ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাইকে হত্যার ঘটনায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন তাদের ভাই। স্বেচ্ছাসেবক লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:13 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সোমবার সারাদিন উপজেলার চকপ্রাচী গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়েছে।

রোববার মধ্যরাতে নওগাঁ শহরের পাশে আদম দুর্গাপুর মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই শাহীনুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। তারা ওই উপজেলার চকপ্রাচী গ্রামের মজিবর রহমানের ছেলে।

গ্রেপ্তাররা হলেন চকপ্রাচী গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলী (৩৫), সমদ সরদারের ছেলে আত্তাব সরদার (৫০), আত্তাব সরদারের ছেলে শাহাদুল ইসলাম (২৫), মফিজ উদ্দিনের ছেলে মোহাতাব হোসেন (৫০), মোহাতাব হোসেনের ছেলে রিপন (২৪), মফিজউদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪০), হামিদুল ইসলামের ছেলে শিশির (২৮) ও তাজুল ইসলামের ছেলে মোতালেব হোসেন (৩৫)।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মধ্যরাতে শহর থেকে দুর্গাপুর এলাকার মাঠের ভেতর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহিদুর ও শাহীন। পথে চকপ্রাচী ও দুর্গাপুর গ্রামের মাঝামাঝি এলাকায় গমের মাঠে দুর্বৃত্তরা দুভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনরা নিয়ে যান। নওগাঁ নওজোয়ান মাঠে নামাজে জানাজা শেষে চকপ্রাচী গ্রামে তাদের দাফন করা হয়।

ওসি আরও জানান, নিহতদের ভাই শহিদুল ইসলাম আলম বাদী হয়ে সোমবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার আট জনসহ অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

গ্রামের আধিপত্য নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দুই ভাইয়ের বিরোধ চলছিল। এ কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান ওসি। 

এদিকে এই জোড়া খুনের ঘটনায় জেলায় তিন দিনের শোক কর্মসূচি নেওয়া নেয়া হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ।